ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামের একটি ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
নিহত শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় পাশের খেতের মালিক জাকির হোসেন (৩০) ইঁদুর মারার জন্য ধানক্ষেতে কাঁচা বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রেখেছিলেন। ঘাস কেটে বাড়ি ফেরার পথে ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান মাইনুদ্দিন। এ ঘটনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত ক্ষেত মালিক জাকির গা ঢাকা দেন। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
