ডিসি অফিসে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নাচনমহল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, রুবল ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন খানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. শফিকুল ইসলাম নাচনমহল ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার বাবা মো. গনি হাওলাদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ফলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি কীভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি চাকরিতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
বক্তারা বলেন, মো. শফিকুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের পদে থাকাকালে বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষের ওপর নিপীড়ন-নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তির সরকারি চাকরিতে নিয়োগ হলে তা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সঙ্গে বেইমানি হবে।
তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির যেন সরকারি চাকরিতে নিয়োগ না হয়, সে বিষয়ে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। একই সঙ্গে মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবি জানান তারা।


