logo

আরাকান আর্মির কাছ থেকে মুক্তিপণে ফিরলেন ১৪ জেলে

আরাকান আর্মির কাছ থেকে মুক্তিপণে ফিরলেন ১৪ জেলে

নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া নৌকাসহ টেকনাফের ১৪ জেলে মুক্তিপণের বিনিময়ে ফেরত এসেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকতে নৌকাযোগে পৌঁছান জেলেরা।

জানা গেছে, স্থানীয় দালালের মাধ্যমে দুই লাখ টাকার মুক্তিপণের বিনিময়ে জেলেদের ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। এর আগে গত শনিবার টেকনাফের নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি গুলি ছুঁড়ে তাদের ধরে নিয়ে যায়।

ফেরত আসা জেলে রহিম উল্লাহ বলেন, ‘ফিরে আসতে পেরে খুব খুশি। কারণ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। ধরে নিয়ে যাওয়ার পর আমদের ব্যাপক মারধর করেছে। কোন খাবার দেয়নি। মূলত আমাদের জন্য বাংলাদেশ থেকে যে কন্টাক্ট করছে এগুলো প্রকাশ না করতে বলছে। আমাদের নৌকার মাঝি মালাই কালুর মাথায় বড় আঘাত করা হয়েছে।’

ফেরত আসা আরেক জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন বলেন, ‘আমার তিন ছেলেসহ পরিবারের পাচঁজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের কি হতে পারে। তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমাদের খুব দুঃচিন্তায় ছিলাম। এখন চিন্তামুক্ত হয়েছি।’

জেলেরা ফেরত আসার বিষয়টি স্বীকার করেছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়াডের ইউপি সদস্য আবদুল মান্নান। তিনি বলেন, ‘রাতে নৌকাযোগে আরাকান আর্মির হাতে আটক থাকা জেলেরা ফিরেছে এসেছেন। তবে তারা মুক্তিপণ দিয়ে ফিরেছেন কিনা সেটি আমার জানা নেই। তবু বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘তিনটি নৌকাসহ ১৪ জেলে ফেরত এসেছে। তবে তারা কীভাবে ফেরত এসেছে এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’