কুমিল্লায় যুবদল কর্মী হত্যা, প্রধান অভিযুক্তসহ আটক ২

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী আবু কাউসারকে (৪৩) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার বড় ভাই তানজিলকে আটক করেছে পুলিশ ও এসআরবি।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
আটক তৌহিদ (৪৩) ও তানজিল (৪৭) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের নন্দিবাজার এলাকার খোরশেদ আলমের ছেলে।
নিহত আবু কাউসার কুমিল্লা নগরের কাপ্তান বাজারের বেপারী পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় গোমতী নদীর উত্তর পাড়ে জমি নিয়ে বিরোধের জেরে আবু কাউসারকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু শামীম হোসেনের অভিযোগ, জমি নিয়ে বিরোধ মীমাংসার কথা বলে শুক্রবার তাদের ডেকে নেন তৌহিদ। পরে শামীম, আবু কাউসারসহ তিন থেকে চারজন একটি অটোরিকশায় ঘটনাস্থলে যান। তাদের পেছনে আরেকটি অটোরিকশায় আরও কয়েকজন আসছিলেন। তবে কাউসারকে বহনকারী অটোরিকশাটি আগে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর তৌহিদের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো দা দিয়ে আবু কাউসারের গলা ও ঘাড়ে কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর তৌহিদ ও তানজিলসহ চারজন দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যান বলে দাবি করেন শামীম।
আরও জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লা নগরের ১৮ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকা থেকে তৌহিদকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। একই রাতে তার বড় ভাই তানজিলকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আটক করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, তৌহিদ ও তানজিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানাজার পর মামলা করার কথা জানিয়েছে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।

