মোংলায় ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশালীন আচরণের অভিযোগ

বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতের এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে, ওসি আতিকুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারী মোংলা পৌর যুবদলের সভাপতি প্রার্থী মো. মতিউর রহমান রতন বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে মানুষ জেগে ছিল। রাত আনুমানিক সোয়া ২টার দিকে পৌর তাঁতী দলের সদস্যসচিব আজিজুর রহমান সোহাগকে সঙ্গে নিয়ে একটি চায়ের দোকানে অবস্থানকালে ওসি সেখানে এসে দোকান খোলা থাকার কারণ জানতে চান। একপর্যায়ে দোকানিকে দোকান বন্ধ করতে বলে তার দিকে চায়ের কাপ ছুড়ে মারেন। রাজনৈতিক পরিচয় জানার পর বিএনপিকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাকে ধাক্কাও দেন।
পৌর তাঁতী দলের সদস্যসচিব আজিজুর রহমান সোহাগ অভিযোগ করেন, অসুস্থ সন্তানের জন্য দুধ কিনতে বের হয়ে চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় ওসি তাদের রাজনৈতিক পরিচয় জানতে চান এবং পরে বিএনপি ও তাঁতী দলকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ওসি অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজেও ওসিকে চায়ের কাপ ছুড়ে মারতে এবং অস্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা গেছে।
অভিযোগ অস্বীকার করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, গভীর রাতে দোকানপাট খোলা থাকায় এলাকায় অপরাধ বৃদ্ধির আশঙ্কা থেকে আমি টহলে বের হয়েছিলাম। কিছু স্বার্থান্বেষী ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করছেন। আমি একজন সরকারি কর্মকর্তা, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ ধরনের কাজ করার কোনো প্রশ্নই আসে না।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বিষয়টি নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ পেয়েছি। পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)


