রংপুর মেডিকেলে আগুন, ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্নের পরে কিছুটা স্বাভাবিক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যাওয়ায় পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
পরে দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সংযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে সাময়িক ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টানা ছয় ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে। তবে প্রশাসনিক ভবনে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা এশিয়া পোস্টকে বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. আব্দুল মোকাদ্দেম দুপুর আড়াইটায় এশিয়া পোস্টকে বলেন, সকালে শর্টসার্কিট থেকে আগুন লেগে বৈদ্যুতিক লাইনের একটি ফেজ পুড়ে যায়। এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও পূর্ণাঙ্গ শাটডাউন হয়নি। বিদ্যুৎ লাইনে সচলে কাজ চলছে। পূর্ণাঙ্গ সচল হতে সময় লাগবে।
