আগুন নিয়ন্ত্রণে টঙ্গীর ওষুধ কারখানায় সেনাবাহিনী-বিজিবি

টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। নতুন করে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় ওই কারখানায়। পরে দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছে। দুপুর ১টা ২৫ মিনিটের দিকে যোগ দেন বিজিবি।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ঔষধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের ২০টি ইউনিট এসেছে। তারা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে সময় যতো যাচ্ছে আগুনের তীব্রতা বাড়ছে। পরে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা অনন্য বাহিনীও কাজ করছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।
