মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে চিরকুট

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে চিরকুট
মো. আমির হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. আমির হোসেন (৪০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেনের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করার পর মাগরিব ও এশার নামাজে তিনি অনুপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে কোনো জরুরি কাজে বাইরে গেছেন ধারণা করা হলেও দীর্ঘ সময় পার হওয়ার পর স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে ঘটনাস্থল থেকে নিহতের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহের কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক আলামত ও চিরকুটের সূত্র ধরে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।