logo

এনজিওর ঋণ নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে যুবকের ‘আত্মহত্যা’

এনজিওর ঋণ নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে যুবকের ‘আত্মহত্যা’

কক্সবাজারের রামুতে ইসমত হোসাইন তাকিব নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এনজিওর ঋণ নিয়ে স্ত্রীর সঙ্গে কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

ইসমত হোসাইন তাকিব (২৯) চকরিয়ার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মোহাম্মদ মহসিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ইসমত হোসাইন তাকিব ঋণগ্রস্ত ছিলেন। বিভিন্ন এনজিও থেকে নেওয়া এই ঋণের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ঋণের বোঝা সইতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে তাকিব আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, দীর্ঘদিন ধরে ইসমত হোসাইন তাকিবের সঙ্গে স্ত্রী রুবায়েত সারমিন মনিরার মধ্যে নানা বিষয়ে মতবিরোধের জেরে কলহ চলছিল। বুধবার (১৫ এপ্রিল) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বিবাদের একপর্যায়ে তাকিব তার স্ত্রীকে বের করে দিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন।

সকালে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয়রা তাকিবকে দীর্ঘসময় ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যে কোনো সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।