logo

সিলেটে বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সিলেটে বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পাওয়ার জেল ১৫টি ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, রোববার রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‌্যাব-৯ এর সমন্বয়ে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্টের রায়গ্রাম যাত্রী ছাউনির পেছনে পলিথিন দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবি ও র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জিডি মূলে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।