logo

উত্তাল মেঘনা, মজুচৌধুরীর হাট-ইলিশা ফেরি চলাচল বন্ধ

উত্তাল মেঘনা, মজুচৌধুরীর হাট-ইলিশা ফেরি চলাচল বন্ধ

লক্ষ্মীপুরে কালবৈশাখীর প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

রেজাউল করিম বলেন, এই নৌরুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে, যার মাধ্যমে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচলেও বিঘ্ন ঘটেছে। মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে ঘাটে বরিশাল ও ভোলাগামী বিপুলসংখ্যক যাত্রী জমে যাওয়ায় পরিস্থিতি বিবেচনায় দুপুর সোয়া ১২টার দিকে ‘পারিজাত’ নামের একটি লঞ্চ ছেড়ে দেওয়া হয়। তবে ঝুঁকি এড়াতে ছোট লঞ্চ ও অন্যান্য ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঘাটের পোর্ট অফিসার শাহ আলম জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে রাত ১টা পর্যন্ত লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। বুধবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আবহাওয়া এখনও অনুকূলে আসেনি।

অন্যদিকে, কালবৈশাখীর প্রভাবে মঙ্গলবার দুপুর থেকেই লক্ষ্মীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনাও ঘটে। সন্ধ্যার পর বৃষ্টি কমলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বুধবার সকাল থেকে আবারও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। দুপুরে বৃষ্টি না থাকলেও আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে।