logo

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ম্যারাথন

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ম্যারাথন
ম্যারাথনে অংশ নিয়েছে নারীরা। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের নিয়ে নারী মিনি ম্যারাথন প্রতিযোগিতা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নারী অংশ নেন।

Advertisement

ছয় কিলোমিটার পথ মাত্র ৩০ মিনিটে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন সদর উপজেলার কানাশাখোলা এলাকার মরিয়ম। দ্বিতীয় হন নন্দীর বাজার মাঝপাড়া গ্রামের ভাবনা। নারীদের শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্রীড়াচর্চায় আগ্রহ বাড়াতে আয়োজিত এ প্রতিযোগিতা পরিণত হয় নারীদের মিলনমেলায়।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের এ আয়োজনে অনুষ্ঠিত হয় এই মিনি ম্যারাথন। ভোরের আলো ফোটার আগেই শেরপুর শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জড়ো হতে থাকেন নানা বয়সী নারী। কারও চোখে আনন্দ, কারও মনে প্রতিযোগিতার উত্তেজনা। নির্ধারিত প্রস্তুতি শেষে বাঁশি বাজতেই শুরু হয় ছয় কিলোমিটারের দৌড়। প্রতিযোগিতার উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনও অংশ নেন ম্যারাথনে। অংশ নেন শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নারী। মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের অষ্টমীতলা মোড়, শেরীব্রীজ, সার্কিট হাউস, পুরাতন সোনারবাংলা ও কলেজ মোড় হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় ডিসি উদ্যানে। যা প্রায় ছয় কিলোমিটার পথ। পুরো পথজুড়েই ছিল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দের।

অংশগ্রহণকারীরা জানান, নারীর শক্তি, সাহস আর অনুপ্রেরণা নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ বাড়লে নারীরা আরও সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

শেরপুরে নারীদের ম্যারাথন আয়োজন। ছবি: এশিয়া পোস্ট
শেরপুরে নারীদের ম্যারাথন আয়োজন। ছবি: এশিয়া পোস্ট

অংশগ্রহকারী নিশু বলেন, এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমরা সাধারণত নারীদের জন্য এ ধরনের ক্রীড়া আয়োজন খুব একটা দেখি না। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মধ্যে নতুন আত্মবিশ্বাস পেয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজন হলে অংশ নিতে চাই। ভোরবেলা এতো লম্বা সময় ধরে দৌঁড় দিলাম। বেশ ভালো লাগছে।

আরেক অংশগ্রহণকারী মীম বলেন, এ প্রতিযোগিতায় অংশ নেওয়াটা আমার জন্য আনন্দের অভিজ্ঞতা। বয়স বা পেশা কোনো বাধা নয়, ইচ্ছা থাকলে নারীরাও সবকিছু করতে পারেন। নিয়মিত এমন আয়োজন হলে নারীরা শরীরচর্চার প্রতি আরও আগ্রহী হবেন। প্রথমে জানার পর রেজিস্ট্রেশন করার পর থেকেই আজকের দিনটার জন্য বেশ আগ্রহী ছিলাম।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্রীড়াচর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। এই প্রথম নারীদের ম্যারাথনে নারীদের ব্যাপক অংশগ্রহণে আমরা আনন্দিত। আমাদের ম্যারাথন ছিল ৬ কিলোমিটার। আমাদের নারীরা আত্মবিশ্বাস নিয়ে ৬ কিলোমিটার হেঁটেছেন। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই প্রতিযোগিতা শেষ করতে পেরেছি।

প্রতিযোগিতায় ছয় কিলোমিটার পথ ৩০ মিনিটে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন সদর উপজেলার কানাশাখোলা এলাকার মরিয়ম বলেন, প্রথম হতে পেরে আমি খুব আনন্দিত। শুরু থেকেই জয়ের লক্ষ্য নিয়ে দৌঁড়েছি। তবে, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এতজন নারীর সাথে দৌড়ানোর সুযোগ পেয়েছি। নিয়মিত অনুশীলন করলে নারীরাও খেলাধুলায় ভালো করতে পারবে। সত্যি বলতে আমি খুব আনন্দিত।

৩১ মিনিটে ছয় কিলোমিটার অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করেন নন্দীর বাজার মাঝপাড়া গ্রামের ভাবনা বলেন, আমিও চেষ্টা করেছি প্রথম হওয়ার। কিন্তু দ্বিতীয় হয়েছি। তবে এটা বড় কথা না। আমরা সবাই যে অংশগ্রহণ করেছি এটাই বেশি আনন্দের। আমার চেষ্টা থাকবে আগামীতে যেন প্রথম হতে পারি।