মৎস্য খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি মান্নানের

দেশের অর্থনীতি, পুষ্টি ও গ্রামীণ কর্মসংস্থানের জন্য মৎস্য খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে এ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, মৎস্য চাষ শুধু মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে না, দেশের অসংখ্য মানুষের জীবিকারও প্রধান অবলম্বন। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সোনারগাঁয়ের মৎস্য চাষিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতকে আরও সমৃদ্ধ করতে পারেন।
রোববার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এমপি মান্নান বলেন, দেশের নদী-খাল, পুকুর ও জলাশয়কে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মৎস্য চাষে সফলতার স্বীকৃতি হিসেবে তিনজন চাষির হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে এ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
এ সময় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।




