logo
Advertisement

এক বছর পর জানা গেল খুন হন জাহাঙ্গীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকিশোরগঞ্জ
এক বছর পর জানা গেল খুন হন জাহাঙ্গীর
খুনে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ‍পিবিআই। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বছর আগে জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের এক বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৫ জুন) সকালে কিশোরগঞ্জে পিবিআই জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ।

তিনি জানান, কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া গত বছরের ২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বিকেলে বড়খারচর মধ্যপাড়ার একটি নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা দিলুয়ারা বেগম কুলিয়ারচর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও দীর্ঘ রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পরে পিবিআই কিশোরগঞ্জ জেলা স্বপ্রণোদিত হয়ে মামলাটি তদন্ত শুরু করে। তদন্তে গত ১ জুন কুলিয়ারচরের বড়খারচর এলাকা থেকে হুসনা খাতুন এবং ৪ জুন কিশোরগঞ্জ শহরের বড়পুল এলাকা থেকে তার স্বামী শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে নেওয়া হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জানায়, তদন্তে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে হুসনা খাতুনের দীর্ঘ দিনের পরকীয়া সম্পর্কের তথ্য উঠে আসে। ঘটনার রাতে তারা একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে দেখা করেন। হুসনার স্বামী শহীদ মিয়া সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। ক্ষোভে তিনি সঙ্গে থাকা ছুরি দিয়ে জাহাঙ্গীর মিয়ার শরীরে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ জানান, অমীমাংসিত থাকা এ মামলার রহস্য উদঘাটনে আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মামলার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।