৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে রোববার বিকেল সোয়া ৫টায় উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই বিটি ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় গোলাবাড়ি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিস্তা কমিউটারসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে। এরপর ঢাকা থেকে রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হয়। পরে রাত ১১টায় উদ্ধারকাজ শেষ হলে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়।
ওসি আরও বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে আটকে থাকা ট্রেনগুলো এই রুটে চলতে শুরু করেছে।

