logo
Advertisement

চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ল চোর, উদ্ধারে ডাকল বাড়ির মালিককেই

এশিয়া পোস্ট নিউজ,বরগুনা
চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ল চোর, উদ্ধারে ডাকল বাড়ির মালিককেই
নারকেল গাছে ডাব চুরি করতে উঠে ভিমরুলের কামড়ে নিচে পড়ে গুরুতর আহত হওয়া ব্যক্তিকে উদ্ধার করছেন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ছবি: এশিয়া পোস্ট

বরগুনায় একটি নারকেল গাছের ডাব চুরি করার সময় ভিমরুলের কামড়ে গাছ থেকে মাটিতে পড়ে যান এক চোর। এতে গুরুতর আহত হয়ে উঠতে না পেরে, উদ্ধার করতে বাড়ির মালিককেই ডাকেন তিনি। পরে খবর পেয়ে আহত অবস্থায় ওই চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় বেলাল নামে এক বাসিন্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারকেল গাছ থেকে ডাব চুরি করতে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতে ফেলেন তিনি। এরপর হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের চাকে আঘাত লাগলে দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে সরাসরি সজোরে মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তিনি গাছের নিচে পড়ে থাকেন। সকালে দবির উদ্ধার পাওয়ার জন্য ওই বাড়ির বাসিন্দাদের ডাকাডাকি করলে বিষয়টি পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বাড়ির মালিক বেলাল বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলে, ‘ভাই আমাকে উদ্ধার করেন, আমি গাছের নিচে পড়ে আছি।’ পরে দেখি ডাবসহ চোরটি গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।