logo

নড়াইলে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী লাঠি খেলা

নড়াইলে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী লাঠি খেলা

চৈত্র সংক্রান্তি উপলক্ষে নড়াইলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, অষ্টক গান ও আলোচনা সভা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য এই উৎসব।

অনুষ্ঠানের শুরুতেই হয় মনোমুগ্ধকর লাঠি খেলা। নড়াইল সদর উপজেলার দারিয়াপুর লাঠি খেলার দল এতে অংশ নিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে। ঢোলের ছন্দে ছন্দে লাঠির ঝনঝনানিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। লাঠিয়ালদের চমৎকার পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা।

পরে অষ্টক গান পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ আয়োজনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এতে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ওনাইশা ওস্মী বলে, আমি আনন্দের সঙ্গে লাঠি খেলা দেখেছি এবং খুব উপভোগ করেছি। ঢোলের তালে তাদের পরিবেশনা ছিল অসাধারণ।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির বলেন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে লাঠি খেলা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসন এ ধরনের উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।