আমরা নিজেরা সৎ হলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, আমরা নিজেরা যদি সৎ হই, সততার সঙ্গে দায়িত্ব পালন করি, তাহলে দেশ এগিয়ে যাবে। সরকারও এভাবেই এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুমিল্লার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারী মো. ইব্রাহিম।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আমিনুর রশিদ বলেন, যে যেখানে আছি, সততার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি দেশের উন্নয়নে সবার সহযোগিতাও কামনা করেন।
বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে কেন্দ্রীয় ঈদগাহ মাঠজুড়ে টেন্টের মাধ্যমে ছাউনির ব্যবস্থা করা হয়। পাশাপাশি ঈদগাহ প্রাঙ্গণকে বর্ণিল ও নান্দনিক সাজে সাজানো হয়।
ঈদের জামাতে মন্ত্রীর পাশাপাশি অংশ নেন এমপি মনিরুল হক চৌধুরী, প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
