বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু নিখোঁজ, ২ দিন পর মিলল বস্তাবন্দি মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের বসতবাড়ি সংলগ্ন একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়ু মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়।
পারিবারিক বিরোধের জেরে আল-আমিন শিশু রাইয়ানকে হত্যা করেছেন বলে দাবি করেছেন রাসেল ও রুমানা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আল-আমিনসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন রুমানা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

