logo

নারী সেজে টিকটক বানিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

নারী সেজে টিকটক বানিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার হওয়ার অভিযোগ ও ব্যক্তিগত তথ্য গোপনের বিতর্ককে কেন্দ্র করে তাকে পদ হারাতে হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।

রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা ও সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রেদোয়ান ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত শুক্রবার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পরে সেটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হয়। শনিবার সদস্যদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর রেদোয়ান ইসলামকে নিয়ে ফেসবুকে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেখানে দাবি করা হয়, তিনি অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন।

এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়লে রোববার বিকেলে ‘রিহিয়া রিহি’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন রেদোয়ান। তিনি দাবি করেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং নিজেকে একজন পূর্ণাঙ্গ ছেলে ও সংস্কৃতিকর্মী হিসেবে উল্লেখ করেন।

পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেছেন। এসব কনটেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ইতোমধ্যে বিতর্কিত কনটেন্ট মুছে ফেলার কথাও জানান। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

রেদোয়ানের পরিবারও ট্রান্সজেন্ডার হওয়ার তথ্যটিকে গুজব বলে দাবি করেছে। তার ভাবি তানিয়া আক্তার জানান, টিকটকের জন্য কিছু ভিডিও তৈরি করে রেদোয়ান সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন। তবে পরিবার এসব কর্মকাণ্ড সমর্থন করেনি। ছেলে থেকে মেয়েতে রূপান্তরের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, কমিটি গঠনের আগে রেদোয়ান তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু কমিটি ঘোষণার পর ভিন্ন তথ্য সামনে আসে। তথ্য গোপনের অভিযোগ ওঠায় সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।