logo

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল ছেলের

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল ছেলের

রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী সাঁতরে জামদানী গ্রামের নিজ জমি থেকে পাকা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছলে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

এ সময় নদীর তীরে থাকা তার ছেলে লিমন মিয়া বাবার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। যদিও তিনি ভালোভাবে সাঁতার জানতেন না, তবুও বাবাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি স্রোতের টানে তলিয়ে যান।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে লিমনকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অপরদিকে, এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে লিমন মিয়া এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।