logo

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তা পেল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৯ পরিবার

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তা পেল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৯ পরিবার
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় নোয়াখালীতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এতে নিহত ১৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া আহত ১৪ জনের মধ্যে ৮ জনকে ১ লাখ টাকা করে এবং গুরুতর আহত ৬ জনকে ৩ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ২৯টি চেকের মাধ্যমে ১ কোটি ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, নোয়াখালী জেলা মালবাহী ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাহার এবং বৃহত্তর নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, মালিক, যাত্রী, পথচারী, হেলপার, সুপারভাইজার ও কন্ডাক্টরসহ সবাইকে আরও সচেতন হতে হবে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও সামাজিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।