উপজেলা প্রকৌশলীকে শাসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমকে অফিস কক্ষে ঢুকে প্রকাশ্যে শাসানোর অভিযোগ উঠেছে উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ‘অফিসে এসে বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন প্রথমেই আমাকে বলেন, এলাকায় ওনাকে আমরা জিরো করে ফেলেছি। একটা রাস্তা নির্মাণের বিষয়ে তিনি এলাকায় বলেছেন হবে না। এরপর নাকি উপসহকারী প্রকৌশলী বলেছে, হবে। এ ঘটনায় তিনি বিব্রত। এ সময় তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, একই রাস্তা নির্মাণের জন্য দুইবার আবেদন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। এখানে কাউকে ছোট করার উদ্দেশ্য ছিল না। এ ঘটনায় তিনি হঠাৎ রেগে যান ও নানা অনিয়মের অভিযোগ তোলেন।’
অনিয়ম হলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে আশ্বস্ত করার পরও আর্মি খোকন উচ্চবাচ্য করে প্রকাশ্যে শাসাতে লাগলেন জানিয়ে কাজী এমামুল হক আলিম বলেন, ‘এতে অফিসের পরিবেশ ঘোলাটে হয়ে যায়। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঠিকাদারকে কাজ করতে জানান আর্মি খোকন। তা না হলে নানা বাধাবিঘ্নের সৃষ্টি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন। তার দাবি, রাস্তা নির্মাণের কাজ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। কারও সঙ্গে কোনো ধরনের উচ্চবাচ্য কথাবার্তা অথবা কাউকে শাসানো হয়নি। এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা।
বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ করে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘আমরা এখানে এসেছি বাবুগঞ্জের মানুষের সেবা করতে। কিন্তু সরকারি কোনো কর্মকর্তার সঙ্গে তো খারাপ আচরণ ঠিক না। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’




