আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ সোমবার (৬ জুলাই) ঘোষণা করা হবে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

চার বছরের আইনি লড়াই শেষে রায়ের অপেক্ষায় প্রহর গুনছে নিহত আসমার পরিবার। নিহত আসমার বাবা বর্তমানে ঢাকার তেজগাঁওয়ের একটি জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ চাটখিল উপজেলার মেঘা গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বাড়ির বাবলু মিয়ার ছেলে শাহাদাতকে (২২) ঘটনার নয় দিন পর গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানায়, ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে আসমাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছিল।

শিশুর বাবা মাওলানা মো. শাহজাহান বলেন, আমার নিষ্পাপ মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। চার বছর ধরে আমরা শুধু এই বিচারের আশায় বেঁচে আছি। আমি আদালতের কাছে আসামি শাহাদাতের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানাই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেলিম শাহী জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আমরা শতভাগ ন্যায়বিচার প্রত্যাশা করছি। রাষ্ট্রপক্ষ আশা করছে, আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর চাটখিলজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিচারের দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খুনি শাহাদাতের ফাঁসির দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিল।

বিষয় :নোয়াখালী