logo

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন
মেঘলা পরিবহনের একটি বাসে আগুন। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা ১৬ যাত্রী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বাসের এক যাত্রীর দেওয়া তথ্যমতে, মেঘলা পরিবহনের বাসটি গাউছিয়া থেকে ঢাকার কলাবাগানের দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর কয়েক মিনিটের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এ সময় ওই দুই যুবকও দ্রুত বাস থেকে নেমে চলে যান বলে জানান ওই যাত্রী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এশিয়া পোস্টকে বলেন, বাসটি মেঘলা পরিবহনের ছিল বাসটি চিটাগাং রোড থেকে ঢাকার কলাবাগানের উদ্দেশে যাত্রা করেছিল। পথে দুই যুবক বাসটিতে ওঠেন। এ সময় বাসে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। পরে ওই দুই যাত্রী বাস থেকে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পেছনের অংশে আগুন দেখতে পান অন্য যাত্রীরা। বাসের পেছনের আসন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।