ট্রাকের ধাক্কায় পথচারীদের চাপা দিল বাস, নিহত ১

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এ সময় এক নারী নিহত ও আরেক নারী আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনে খাতুন শেরপুরের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
দুর্ঘটনার সময় তিনি সড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় রিনা দেবী নামে আরও এক নারী আহত হয়েছেন।
পুলিশ জানায়, একটি ট্রাক পেছন থেকে ৩ নম্বর রুটের যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই হোসনে খাতুনের মৃত্যু হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ঘটনার পর ট্রাকচালক আনোয়ার ইসলাম খোকনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে পুলিশ।





