logo

মসজিদের মাইকে ‘চোর চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

মসজিদের মাইকে ‘চোর চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২
গণপিটুনিতে নিহত দুইজন। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় মসজিদের মাইকে চোর চোর বলে ঘোষণার পর স্থানীয় লোকজনের ধাওয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মুয়াজ্জিন বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা জানান, ফজরের আজান দিতে গিয়ে মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেয় ‘চোর, অটো চুরি করে নিয়ে যাচ্ছে’। তারপরেই এলাকার লোকজন যে যার মতো বের হয়ে ধাওয়া দিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে চোর দুইজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মৃত একজনের বাড়ি পাশ্ববর্তী নোহালি ইউনিয়ন, অপরজনের বাড়ি আলমবিদিতর ইউনিয়নে।

স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে আটক করা হয়। পরে সেখানে তাদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ লাশে দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে এবং নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।