বেনাপোলে বাগান থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণ পাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশে একটি মেহগনি বাগানে সাদা রঙের একটি প্লাস্টিকের হাতব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা ভেতরে ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়।
ওসি আরও জানান, ককটেলগুলো কে বা কারা বাগানে রেখে গেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



