logo

শুল্ক ফাঁকি দিয়ে আনা সাত কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আনা সাত কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ
কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য। বরগুনার পাথরঘাটা উপজেলায়। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটা উপজেলায় সাত কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। তারা বলছে, এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়। এ চোরাচালানে ব্যবহৃত মাছ ধরার একটি ট্রলার ও একটি কাভার্ডভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে কোস্টগার্ড বরগুনার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কোস্টগার্ডের অভিযানে আটকরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার বাসিন্দা সোহাগ সরদার, একই উপজেলার মোউডুবি এলাকার বাসিন্দা মো. সাগর হাওলাদার, কুয়াকাটার মহিপুর এলাকার বাসিন্দা মো. মঞ্জু মোল্লা, কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার মো. রেজাউল গাজী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দুইটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিরার বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বিষখালী নদীতে একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রলার ও কাভার্ডভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি এবং এক হাজার ৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাত কোটি চার লাখ ৬৭ হাজার টাকা।

এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা মালামাল ও আটকদের বরগুনার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।