logo
Advertisement

আপনার কিছু নেতা মিছিলে আসতে হুমকি-ধমকি দেয়: যুবদল নেতা নয়ন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মাগুরা
আপনার কিছু নেতা মিছিলে আসতে হুমকি-ধমকি দেয়: যুবদল নেতা নয়ন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় রবিউল ইসলাম নয়ন। ছবি : এশিয়া পোস্ট

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মন্তব্য করে বলেছেন, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী ভালো লোক, তবে তিনি কানে একটু কম শোনেন, কান কথা শোনেন।’

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শোভাযাত্রাটি উপজেলার আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিল্টন মুন্সির সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ করে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘দাদা সংস্কৃতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সম্পর্কে কিছু বলতে চাই না। দাদা ভালো লোক, শুধু কানে একটু কম শোনেন, কান কথা শোনেন। আমি দাদার কাছে জানতে চাই, ছয় মাসও হয়নি, কিন্তু আপনার বিরুদ্ধে কেন সাধারণ মানুষ ফুঁসে উঠেছে?’

তিনি আরও বলেন, ‘রবিউল ইসলাম নয়ন আপনার সঙ্গে কথা বলতে চায় না। রবিউল নয়ন শালিখা-মহম্মদপুরে এসে সমাবেশ করে আপনাকে জিতিয়েছে। জাতীয় নির্বাচনের এক দিন আগে ১১ ফেব্রুয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলাম ইনশাআল্লাহ জিতবেন। আমরা আমাদের কথা রেখেছি। কিন্তু আপনি জনগণের সঙ্গে কথা রাখেননি।’

নয়ন বলেন, ‘জনগণের সঙ্গে কী হয়েছে, তাতে রবিউল ইসলাম নয়নের কিছু যায় আসে না। এই জনগণের সঙ্গে রবিউল ইসলাম নয়ন আছে, নয়ন থাকবে।’

মিছিলে আসতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে যুবদল নেতা নয়ন বলেন, ‘আপনার কিছু ছুটকা-ফাটকা নেতা মিছিলে আসতে হুমকি-ধমকি দেয়। এই মিছিল ঠেকানোর ক্ষমতা আপনাদের নেই। কারণ, এটি জনগণের মিছিল, ভালোবাসার মিছিল, অধিকার আদায়ের মিছিল।’

স্থানীয় প্রশাসনের উদ্দেশে রবিউল ইসলাম বলেন, ‘আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। সরকারিভাবে গরিব-অসহায় মানুষের জন্য যে অনুদান আসে, তা যাচাই-বাছাই করে প্রকৃত গরিবদের দিতে হবে। কারও কথায় বা কারও নির্দেশে যদি তালিকা করা হয়, তাহলে জনগণ কিন্তু আঙুল বাঁকা করতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সুপারিশ করে কোনো লাভ হবে না। প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষ যেন সরকারি সহায়তা পায়, সেটিই নিশ্চিত করতে হবে।’

সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।