বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন।
স্থানীয়রা জানান, নিহত তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং তারা বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী ‘সুরভী পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ লালন ফকির নিহত তিন তরুণের পরিচয় নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
