পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

বগুড়ার গাবতলী উপজেলার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইতোমধ্যে এসিল্যান্ড শাহানাজ পারভীনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও দায়িত্বে চরম গাফিলতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছায়নি। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পরীক্ষা শুরু হওয়ার ২২ মিনিট পর পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। পরীক্ষা শেষে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
ঘটনার পরপরই গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন পাঠান। তবে এ বিষয়ে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, কেন্দ্রসচিবের স্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জেলা প্রশাসনের প্রতিবেদন আমাদের হাতে পৌঁছেছে। রোববার শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি সরজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
.png)





