হাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. নওশের ওয়ান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. নওশের ওয়ান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসরের নির্ধারিত তারিখ—যেটি আগে ঘটে, সে পর্যন্ত প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনের সময় তাকে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলরের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জনস্বার্থে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাবিপ্রবির ইংরেজি বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
হাবিপ্রবিতে এর আগে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। তিনি ২০২৪ সালের ৪ নভেম্বর প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রতিষ্ঠার দুই যুগ পর তিনি প্রথম প্রো-ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।
.png)





