ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা হাতেনাতে ধরা

জামালপুরের মেলান্দহ উপজেলায় ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরমধ্যে দুইজন ইউনিয়ন ছাত্রদলের নেতা।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. আনিছুর রহমান। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জামালপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, সোমবার রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।