ফিল্মি স্টাইলে অপহরণচেষ্টা, ভুক্তভোগী নারীর সঙ্গে যা ঘটেছিল

মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী নারী চিৎকার করলে তারা গাড়ি নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী নারী জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার বারবার বাজার এলাকায় আসা যাওয়া করে এবং গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে বলেন। তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কম থাকায় তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় গাড়িটি আবার সেখানে আসে এবং গাড়ি থেকে নেমে একজন যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তিনি প্রাণপণ ছুটে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
এ বিষয়ে কমলগঞ্জ থানা ওসি মো. আব্দুল আউয়াল এশিয়া পোস্টকে বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম কাজ করছে। অপহরণ চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।