logo
Advertisement

ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ঝিনাইদহ
ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
মহেশপুর থানা। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে লাঠির আঘাতে রবিউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে ইয়ামিন জিহাদ (১০) ও প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমানের (১০) মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জেরে দুপুর ১টার দিকে লুৎফর রহমান বাঁশের লাঠি নিয়ে জিহাদকে মারধরের জন্য তাড়া করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ছেলেকে রক্ষা করতে রবিউল ইসলাম পেছন পেছন দৌড়ে যান। স্থানীয় জলিল মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে লুৎফর রহমানের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান বাঁশের লাঠি দিয়ে রবিউলের ঘাড় ও পিঠে সজোরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

আঘাতে গুরুতর অসুস্থ হয়ে রবিউল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যাদবপুর বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :