৫১ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজ

মালয়েশিয়া থেকে ৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে। সেন্ট্রাল স্টার নামের জাহাজে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ইস্টার্ণ কুইন্সে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেফায়েত হামীম বলেন, বুধবার জাহাজ দুটি বন্দরের জলসীমায় প্রবেশ করলেও বৃহস্পতিবার ভোরে বর্হিনোঙরে পৌঁছেছে। এখন জাহাজগুলোর খালাস ও পরবর্তী ব্যবস্থাপনা চলছে, তিনি জানান।
রেফায়েত হামীম আরও জানান, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও পাঁচটি জাহাজ বিভিন্ন দেশ থেকে বন্দরে আসার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ইয়ান জিং হে নামের একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে পৌঁছেছিল। একই রাতে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে শান গ্যাং ফা জিয়ান জাহাজটি আসার কথা ছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে জাহাজ বন্দরে ভিড়ছে। মার্চ মাসে মোট ৩৩টি জাহাজ বন্দরে এসেছে, এর মধ্যে ১৫টি জাহাজে বিভিন্ন ধরনের তেল, ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি নিয়ে আসে।