logo

দুপুরে রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে মারা গেল শিশুটি

দুপুরে রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে মারা গেল শিশুটি
মারা যাওয়া দুই বছর বয়সি শিশু আরিফা সুলতানা। ছবি: পরিবারের সৌজন্যে

পরিবারের জন্য দুপুরে রান্না করছিলেন মা। তার দুই বছর বয়সি শিশুটি খেলছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজা শুরু হয়। ততক্ষণে শিশুটি বাড়ির পুকুরে ডুবে মারা যায়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলায় বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশু আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে। আরিফার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

‎আরিফার মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোক। তার জানাজা নামাজ সোমবার আসর নামাজের পর দক্ষিণ টেটেশ্বর তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।