ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ছাত্রদল কর্মীর আত্মহত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চাওয়ার পর এক ছাত্রদল কর্মী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে নিজের কষ্ট ও হতাশার কথা তুলে ধরার কিছু সময় পরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
নিহত শাহরিয়ার তানভীর ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ভূঁইয়া বাড়ির হোসেন আহমেদের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন ভূঁইয়ার ছোট ভাই। স্থানীয়ভাবে তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তানভীর ফেসবুক লাইভে এসে আবেগঘন কণ্ঠে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। লাইভে তিনি দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় ও নিজের মানসিক চাপের কথা উল্লেখ করেন। ওই লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিষয়টি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।
লাইভ শেষ হওয়ার কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আজাদ বলেন, তানভীর আমাদের ছাত্রদলের কর্মী ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেটি এখনো স্পষ্ট নয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।