Advertisement

দিনে খাসজমির স্থাপনা উচ্ছেদ, রাতে দখল নারী ইউপি সদস্যের

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
দিনে খাসজমির স্থাপনা উচ্ছেদ, রাতে দখল নারী ইউপি সদস্যের
উপজেলা প্রশাসনের উচ্ছেদ করা খাসজমি রাতের আঁধারে ফের দখল করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উচ্ছেদ করা খাসজমি রাতের আঁধারে ফের দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের বিরুদ্ধে। উপজেলার রহমতপুর এলাকার রাহুতকাঠি বন্দরে ঘটেছে এই ঘটনা।

Advertisement

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১১ আগস্ট) রাহুতকাঠি বন্দরের সরকারি খাসজমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। তবে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জমিটি ফের দখলের কাজ শুরু হয়।

অভিযোগ রয়েছে, উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নার্গিস বেগমের প্রত্যক্ষ মদদে জমিটি পুনরায় দখল করা হয়েছে। প্রশাসনের নাকের ডগায় সরকারি জমি এভাবে দখলের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, এর আগে ইউএনওসহ সরেজমিনে গিয়ে সতর্ক করে আসা হয়েছিল। নির্দেশ অমান্য করে জমি দখলে রাখায় আমরা অভিযান চালিয়ে উচ্ছেদ করি। এখন শুনছি পুনরায় তা দখল করা হয়েছে। একজন ইউপি সদস্য যদি আইন না মানেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। এবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুনরায় দখলের অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য নার্গিস বেগমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেরেননি।