নাসীরুদ্দীনকে নিয়ে বিএনপি নেতার কঠোর হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে, সেখানেই ‘গণধোলাই’ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর’ নামে পরিচিত নাসীরুদ্দীন পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিচ্ছেন। তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল ফুটবে না—পাটওয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা। শুধু নাসীর নয়, এনসিপির নেতাদের বক্তব্যও রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, এনসিপির নেতাদের প্রতিহত করা না গেলে তাদের ‘আস্ফালন’ দিন দিন বাড়বে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির অন্য নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এসব বক্তব্যের পর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ‘ধৈর্যের বাঁধ ভেঙে যায়’ বলেও মন্তব্য করেন তিনি। তিনি এনসিপির নেতাদের সতর্ক করে বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরই বহন করতে হবে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার দাবি জানান। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হলে এসব ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তাদের তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণ ঘটবে না। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বক্তব্যের বিষয়টি উঠে এসেছে।
এদিকে বুধবার বিকেলে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বিভিন্ন ‘অপচেষ্টার’ প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করে। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আফছর খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।
