logo
Advertisement

‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নারায়ণগঞ্জ
‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল
মদ খেয়ে মাতলামি করছেন নৌ পুলিশ সদস্য। শুক্রবার রাতে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর খেয়াঘাট এলাকায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘আমার বউ মারছে, বউ মারছে, আমার বউ আমাকে জুতা দিয়ে মারছে’— মদ খয়ে এভাবেই বিলাপ করতে দেখা গেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে। তার এমন বক্তব্য ও অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে শহর থেকে বন্দর নদী পারাপাড়ে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল মান্নান মাতালের মতো অস্বাভাবিক আচরণ করছেন। একপর্যায়ে তিনি মাটিতে বসে গান গাইছেন এবং নাচছেন। আবার কিছুক্ষণ পর তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণের কারণে সেখানে আশপাশের উৎসুক মানুষ জড়ো হন।

এ সময় উপস্থিত জনতা তাকে বিভিন্ন প্রশ্ন করলে আব্দুল মান্নান জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন। একই সঙ্গে তিনি মদ করেছেন বলেও স্বীকার করেন। ভিডিওতে দীর্ঘ সময় ধরে তাকে অস্বাভাবিক ভঙ্গিমায় অঙ্গভঙ্গি ও কথাবার্তা বলতে দেখা যায়।

ঘটনাস্থলে থাকা কেউ কেউ পুরো দৃশ্যটি মোবাইলে ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার প্রকাশ্যে এমন আচরণ এবং মদ্যপানের স্বীকারোক্তি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পারিবারিক সমস্যার কারণে এসআই আব্দুল মান্নান কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে তার পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ওপর মহলের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।