logo
Advertisement

কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ
অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা নগরীর সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ। ছবি: এশিয়া পোস্ট

অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ দুটি এলাকায় সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরীর ডাক্তারপাড়া ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব ভবন পরিদর্শন করা হয়। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া ভবনগুলোর মধ্যে ডাক্তারপাড়া এলাকার সিলভার টাওয়ার, একতা টাওয়ার ও মাসুম টাওয়ার রয়েছে। এ ছাড়া ট্রমা হসপিটালের বিপরীত পাশে মজিবুর রহমান গংয়ের বাণিজ্যিক ভবন ও জামান-জাহানারা প্যালেস, কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন ও কাজী টাওয়ার রয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এসব ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে ভবন নির্মাণে নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ নির্মাণবিধির কিছু শর্ত লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শন ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু জানান, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সরকারি বিধিমালা অমান্য করার কোনো সুযোগ নেই। নকশাবহির্ভূত নির্মাণ কিংবা নির্মাণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, সহকারী অথরাইজড অফিসার মো. শিরিফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :