logo

বগুড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

বগুড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

বগুড়ার গাবতলী উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

বুধবার (২১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার হন ওই গ্রামের ভক্তরাম বিশ্বাস (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভক্তরাম বিশ্বাস স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। ঢোকার আগে আশপাশের কয়েকটি বাড়ির গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারা। পরে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ভক্তরাম ঘরের দরজা খুললে তাকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে ডাকাতরা।

এ সময় দেশীয় অস্ত্রের মুখে ভক্তরাম বিশ্বাসের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নেওয়া হয়। ডাকাতির পর ঘটনাস্থল ছাড়ার সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে রাতেই গাবতলী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পুলিশ সেখান থেকে ককটেল তৈরির চারটি সরঞ্জাম উদ্ধার করেছে।

গাবতলী থানার সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।