গাইবান্ধায় সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় সাঁওতাল জনগোষ্ঠীর নারীসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সাঁওতালদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শিউলী মারডি, শ্যামলী হাসদা, লুকাস মুরমু। আরেকজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
সাঁওতাল নেতা সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি বফিলিমন বাসকে জানান, কৃষি ভূমি সুরক্ষা আইনে বাগদাফার্মের সাঁওতাল-বাঙালিদের জমি ফেরতের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় কর্মসূচি চলছিল। এ সময় পেছন থেকে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত স্বপন শেখ, আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলা করে। এতে ৪ জন গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এশিয়া পোস্টকে বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবরে পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।