logo
Advertisement

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে ক্ষোভ ঝাড়লেন নারী

এশিয়া পোস্ট নিউজ,হবিগঞ্জ
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে ক্ষোভ ঝাড়লেন নারী
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে ক্ষোভ ঝাড়লেন নারী। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালটির চিকিৎসাসেবা ও পরিবেশ নিয়ে রোগীদের নানা অভিযোগে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি। এ সময় তার সামনেই হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন রোগীর অভিভাবকরা।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রীকে কাছে পেয়ে ওই নারী অভিভাবক হাসপাতালের চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কমদামি একটা স্যালাইন আনতে গেলেও কিনে আনতে হয়। এটা কিসের সরকারি হাসপাতাল? এর থেকে বেসরকারি হাসপাতালই ভালো।

ওই নারী বলেন, আজকে সাত দিন ধরে হাসপাতালে ভর্তি। বাধ্য হয়ে বাড়ি থেকে আসা-যাওয়া করি। গরমে অসুস্থ বাচ্চার জন্য একটা ফ্যানও পাইনি। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকার ইনজেকশন কিনে আনতে হয়। এগুলো তো আপনারা দেন না, আমাদেরই কিনে আনতে হয়।

এ সময় তিনি হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ-সামগ্রী ও মৌলিক সেবা না পাওয়ার কারণে চরম অসন্তোষ তুলে ধরেন। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় ওই নারী অভিভাবকের এমন অভিযোগ উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সার্জারি ও বহির্বিভাগসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামের এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

বিষয় :