logo

ছেলেকে চোর সন্দেহ: মা-বাবাকে মারধরের পর মায়ের ‘আত্মহত্যার’ ঘটনায় গ্রেপ্তার ২

ছেলেকে চোর সন্দেহ: মা-বাবাকে মারধরের পর মায়ের ‘আত্মহত্যার’ ঘটনায় গ্রেপ্তার ২

জামালপুর সদর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে না পেয়ে তার মা ও বাবাকে সালিশে মারধরের ঘটনা ঘটেছে। অপমান সহ্য করতে না পেরে যুবকের মা জোসনা বানু আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন—একই এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা (২৮) ও সেই ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীর ছেলে মো. হৃদয় (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ২টার দিকে খলিলহাটা গ্রামে পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে চুরির চেষ্টা হয়। রাত ৩টার দিকে তাকে সঙ্গে নিয়ে স্থানীয় কয়েকজন সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান। তাকে না পেয়ে তার বাবা সুরুজ আলী ও মা জোসনা বানুকে তুলে নিয়ে যাওয়া হয়। একই সময় তোতা মিয়া ও সোহেল রানাসহ আরও কয়েকজনকে ডেকে এনে সালিশ বসানো হয়।

অভিযোগ রয়েছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত চলা ওই সালিশে সুরুজ আলী ও জোসনা বানুসহ তিনটি পরিবারের সদস্যদের মারধর ও হেনস্তা করা হয়। এরপর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন জোছনা।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) ঘটনা জানার পর পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহত নারীর ছেলে সজিব ১০ জনের নামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।