logo

আমি রাগী মানুষ, মিষ্টি করে কথা বলতে পারি না : রুমিন ফারহানা

আমি রাগী মানুষ, মিষ্টি করে কথা বলতে পারি না : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি এত মিষ্টি করে কথা বলতে পারি না। আমি একটু রাগী মানুষ, রাগী না হলে এই দেশে কাজ করা যায় না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তেলিকান্দি গ্রামে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

সাম্প্রতিক এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সেদিন যদি ধমক না দিতাম, আমার কর্মীদের যা ইচ্ছা তাই করত। ওইদিন খালি একটু চেহারা দেখাইছি, যে আমার চেহারা কেমন হয়। আমার কর্মীরা আমার পরিবার। এই পরিবারকে রক্ষা করার জন্য আমার যা করার দরকার, আমি তাই করব।

তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশে অনুরোধ করেন বলেন, আপনাদের কাছে অনুরোধ, এই হাঁস পরিবারটাকে ১২ তারিখ সারাদিন রক্ষা করবেন। কেন্দ্র পাহারা দেবেন, একটা হাঁসের ভোটও যেন কেউ নষ্ট করতে না পারে।

রুমিন ফারহানা বলেন, এমপি আর এমপির পুতে মিল্লা যদি ১২ আনা না খায়, তাহলে যে বরাদ্দ সে বরাদ্দ দিয়া কাজ হইব। তিনি নিরপেক্ষ প্রশাসনের আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউনূস সরকার নির্দলীয় সরকার। এই সরকার কাউকে বেশি সুবিধা দেবে না, কাউকে জুলুম করবে না।

 ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। জোটের স্বার্থে আসনটি ছেড়ে দিলে এখন এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাকে বহিষ্কার করে। 

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনায় রুমিন ফারহানার সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডা হয়, যা সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।