বাগেরহাটে আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী
খসে পড়েছে বাগেরহাট আদলত ভবনের ছাদের পলেস্তারা। ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

আহতরা হলেন সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিবুল্লাহ শেখ, মো. ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও মাথায়, কারও ঘাড়ে এবং কারও পায়ে আঘাত লেগেছে। তবে কারও আঘাত গুরুতর নয়। সবাই চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, জেলা জজ আদালতের নিচতলায়, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন, সেই কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত বিচারপ্রার্থীদের ওপর পলেস্তারা পড়ে তারা আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, আদালতের তিনতলা ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিষয় :বাগেরহাট