৩ ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার পৃথক দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজন বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ৩ ঘণ্টার ব্যবধানে দুজনের মরদেহ করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
মৃতরা হলেন, উপজেলার বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ।
স্থানীদের বরাতে পুলিশ জানায়, মুসান্না গালিব মিম নিজের বাড়িতে একাই থাকেন। তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। পুলিশের ধারণা, কয়েকদিন আগে মীম আত্মহত্যা করেছেন। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে একই মহল্লায় শরীফের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শোয়ারঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, ২৪ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।
পলাশ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বন্ধু আত্মহত্যা করেছেন। দুজনে মাদকাসক্ত ছিল জানা গেছে। কী কারণে তারা আত্মহত্যা করেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।